দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের সমন্বয় সাধন করে সার্বিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আয়োজিত এক সংলাপে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে কাজ করছে এবং অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু গবেষণার ওপর নির্ভর করে রেটিং নির্ধারিত হয় না; বরং বরাদ্দকৃত অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসব তথ্য সঠিকভাবে তুলে ধরলে তা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং ও রেটিং বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মানসম্মত ও বাজারমুখী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
























