| |
  • প্রচ্ছদ
  • বাণিজ্য মেলা
  • শুরু হচ্ছে বিনিয়োগে জরিপ কার্যক্রম
  • শুরু হচ্ছে বিনিয়োগে জরিপ কার্যক্রম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে দেশের শিল্পখাতে বিনিয়োগের হালনাগাদ জরিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। উদ্যোগটি সরকারের কাছে উপস্থাপিত বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ। শনিবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিডা।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) জরিপটি পরিচালনা করবে, যার সূচনা কর্মশালা গত বৃহস্পতিবার বিডার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (রিসার্চ অ্যান্ড পলিসি) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শিল্পখাতের সমন্বিত হালনাগাদ তথ্যভাণ্ডার বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগ ত্বরান্বিত করতে সাহায্য করবে।

    অনুষ্ঠানে ‘Establishing a Comprehensive Investment-related Information System for BIDA’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেম এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

    তিনি জরিপের ধরন, পদ্ধতি, ডেলিভারেবল এবং সময়সূচি নিয়ে আলোচনা করেন এবং অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগীদের মধ্যকার সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

    জরিপের মূল লক্ষ্যের মধ্যে রয়েছে, বিদেশি বিনিয়োগ ও জয়েন্ট ভেঞ্চারসমূহের শতভাগ শুমারি, দেশীয় শিল্পের নমুনা জরিপ পরিচালনা করা, আধুনিক ও মানসম্মত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা, সংগৃহীত তথ্যের ভিত্তিতে আঞ্চলিক ও খাতভিত্তিক বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং বিনিয়োগ বৃদ্ধির নীতি সুপারিশ প্রদান করা, এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সকল আইন ও বিধিমালাকে একত্রিত করে একটি সহজবোধ্য ও ব্যবহারকারী-বান্ধব ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট কমপেন্ডিয়াম’ বা ডিজিটাল গাইড তৈরি করা।

    আলোচনায় বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পাট অধিদপ্তর এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

    আরও পড়ুন