লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (বন্দিশিবির) আটক থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা এই নাগরিকদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, সোমবার (২৩ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি নাগরিককে দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছিল।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানাতে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান এবং অনিয়মিত বা অবৈধ পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এদিকে, আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) লিবিয়ার ত্রিপোলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।























