| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • আবারও বাড়ানো হয়েছে সোনার দাম
  • আবারও বাড়ানো হয়েছে সোনার দাম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

    দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

    ক্যারেটভেদে সোনার নতুন দাম (ভ্যাটসহ):

    ২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা (বেড়েছে ১,৫৭৫ টাকা)।

    ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা (বেড়েছে ১,৫১৬ টাকা)।

    ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা (বেড়েছে ১,২৮৩ টাকা)।

    সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা (বেড়েছে ১,০৪৯ টাকা)।

    নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনা কেনার ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে।

    এর আগে টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার (২৩ নভেম্বর) ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় ২২ ক্যারেট সোনার ভরি প্রায় দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেল।

    অন্যদিকে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

    আরও পড়ুন