| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • ডিসেম্বরে টানা সর্বোচ্চ ১৮ দিনের ছুটিতে শিক্ষার্থীরা
  • ডিসেম্বরে টানা সর্বোচ্চ ১৮ দিনের ছুটিতে শিক্ষার্থীরা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ

    শীতকালীন অবকাশ, যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ডিসেম্বর মাসে টানা দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, স্তরভেদে শিক্ষার্থীরা টানা ১২ থেকে ১৮ দিন পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন।

    প্রাথমিক বিদ্যালয় (টানা ১২ দিন):প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি শুরু হবে আগামী ২০ ডিসেম্বর থেকে এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

    তবে ২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন (১৮ ও ১৯ ডিসেম্বর) শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি পাবেন।

    মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় (টানা ১২ দিন):শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।

    শুরুর আগের দুই দিনের সাপ্তাহিক ছুটি (১৮ ও ১৯ ডিসেম্বর) মিলিয়ে এসব প্রতিষ্ঠানেও টানা ১২ দিন ক্লাস বন্ধ থাকবে।

    মাদ্রাসা (টানা ১৫ দিন):সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় শীতকালীন ছুটি শুরু হবে তুলনামূলক আগে। নির্ধারিত তালিকা অনুযায়ী, ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মাদ্রাসায় অবকাশ থাকবে।

    ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৫ দিনের ছুটি পাবেন।

    কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর (টানা ১৮ দিন):এবারের ডিসেম্বরে সবচেয়ে দীর্ঘ ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি থাকবে। এর ঠিক আগের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে।

    এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবার (১ ও ২ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি হিসেবে যুক্ত হবে। সব মিলিয়ে কলেজগুলোতে টানা ১৮ দিন ছুটি থাকছে।

    অতিরিক্ত ২ দিনের সুযোগ:২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ডিসেম্বরের এই অবকাশের মধ্য দিয়েই চলতি শিক্ষাবর্ষের নির্ধারিত ছুটি শেষ হবে। তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত ২ দিনের ছুটি রয়েছে।

    কোনো প্রতিষ্ঠানপ্রধান চাইলে এই সংরক্ষিত ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে সমন্বয় করতে পারবেন; সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

    আরও পড়ুন