শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
অধিবেশনে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার শর্তে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি ১৫ নভেম্বর তিনি গ্রহণ করেন।
স্পিকার আরও বলেন, পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করার পর থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ন থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮-এর ৩ উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করা হয়।
সংসদ সচিবালয় ও পারিবারিক সূত্রের তথ্যমতে, শারীরিক অসুস্থতা, প্রয়োজনীয় চিকিৎসা এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক। বর্তমানে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তিনি ও তাঁর স্ত্রী দুজনই গুরুতর অসুস্থ।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন ড. ওসমান ফারুক।























