| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামছে ৮ প্লাটুন আনসার
  • গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামছে ৮ প্লাটুন আনসার

    Icon
    জেলা প্রতিবেদক, গোপালগঞ্জ
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

    সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলোতে তারা দায়িত্ব পালন করবেন।

    শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তারা।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।

    তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।

    পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।

    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে এই বিশেষ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোতায়েনকৃত আনসার সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

    সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্য একটি প্লাটুন বিসিক অফিস ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তারাও টহল দেবেন।

    সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।

    আনসার বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে উপ-মহাপরিচালক বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে আনসার বাহিনী। সম্প্রতি গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি

    মোকাবিলায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

    তিনি এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

    গত রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

    উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে আনসার সদস্যদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মাঠে সক্রিয় থাকবেন।

    আরও পড়ুন