| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • ঢাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫০৭
  • ঢাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫০৭

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

    রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৫০৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    অভিযানে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকাসহ এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬, ওয়ারী বিভাগে ৫৬, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ১০৫, মিরপুর বিভাগে ১৩২, গুলশান বিভাগে ৪০, উত্তরা বিভাগে ৪১, এসআরইউ বিভাগে ৪ ও গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

    অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

    এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

    আরও পড়ুন