চার দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ চারটি হলো স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানা।
আজ বাংলাদেশে নবনিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতরা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবা আমদানি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। এসব পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
এ ছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তথ্যপ্রযুক্তি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে দেশ দুটিতে বাংলাদেশের কৃষি-অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেন রাষ্ট্রপতি।
স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। পাশাপাশি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ঘানার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোর সঙ্গে সাক্ষাতে কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনা কাজে লাগানোর কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অন্যদিকে, গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। এ ছাড়া গিনির অনুরোধে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে বৈঠকে দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে দেশটির বিনিয়োগ কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































