কুড়িগ্রামে শীত ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে কাজে বের হলেও স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না তারা। কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, আবার কেউ যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতিও ছিল বেশি। এদিন সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা পাড়ের অটোরিকশাচালক নুর আলম (৫৪) বলেন, আজ খুব শীত, সঙ্গে বাতাসও বইছে। বাইরে রিকশা নিয়ে বের হওয়া যায় না। না বের হলে তো পেটে ভাত জুটবে না। সংসার চালাতে হবে, তাই বের হয়েছি।
রাজারহাট এলাকার দিনমজুর কছমত আলী (৫০) বলেন, আজ ঘুম থেকে উঠে দেখি শীত পড়েছে। কাজে যাব, কিন্তু বাইরে বের হওয়া যাচ্ছে না। বাইরে না গেলে তো সংসার চলবে না। শীতের দিন এলো, এবার আমাদের খুব কষ্ট হবে।
কাঠমিস্ত্রি রহিম ব্যপারি (৬০) বলেন, হাতুড়ি, বাটাল ও করাত নিয়ে বের হলাম। দেরি হয়ে গেছে। এখন দেখি কাজ পাই কি না। শীতের কারণে বের হতে দেরি হয়েছে।
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাবর আলী বলেন, শীতের কারণে সকালে রিকশা নিয়ে কাজে যেতে পারিনি। আয় না থাকায় সংসারে অর্থাভাব লেগেই আছে।
একই ইউনিয়নের আব্বাসউদ্দীন বলেন, বিল ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। শীতের কারণে ঠিকমতো মাছ ধরতে পারছি না। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার ৯টি উপজেলায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, নভেম্বর মাসে জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এ অঞ্চলে বৃষ্টি ও শীতের তীব্রতা বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
























