বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নেপালের উপ-রাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদবকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) নেপালের উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের সরকারের পক্ষে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন নেপালের উপ-রাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় নেপালের উপ-রাষ্ট্রপতি একাদশ জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে, রাষ্ট্রদূত নেপালের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের নতুন সরকারের আগ্রহের কথা জানান, যা খুব শিগগিরই গঠনের প্রক্রিয়াধীন রয়েছে।


























