তিন বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ছয় মাসে মোট ৩ বিলিয়ন বা ৩০৪ কোটি ৬৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর। তথ্য অনুযায়ী, বছরের শেষ মাস ডিসেম্বরেই কেনা হলো ৯২ কোটি ৫ লাখ ডলার।
সম্প্রতি অর্থ পাচার রোধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে একদিকে ডলার পাচার যেমন কমেছে, অন্যদিকে প্রবাসী আয় বেড়েছে। বিনিয়োগ একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে কোনো উল্লম্ফন নেই। আবার আমদানি পর্যবেক্ষণে রাখার ফলে এখানে ডলারের বাড়তি চাহিদা কমেছে।
এর ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে ডলারের দাম কমে আসার কথা। সরকার সময়ে সময়ে ব্যাংকে থাকা বাড়তি ডলারের কিনে নেওয়ার ফলে বাজারে ডলারের পতন রোধ করা হচ্ছে। এর ফলে প্রবাসীরা রেমিট্যান্স পাঠালে ভাল দর পাচ্ছেন।
































