মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও তেলক্ষেত্রে হামলার ঘটনা এবং হরমুজ প্রণালি ঘিরে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় তেলের বাজারে এই বড় লাফ দেখা গেছে। এর ফলে পুরো সপ্তাহজুড়েই ব্রেন্ট ক্রুডের দামে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে।
এদিকে জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ইউরোপ ও এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের দরপতন দেখা গেছে। এমনকি বিমান পরিবহন খাতসহ বিভিন্ন শিল্পেও এর আর্থিক চাপ পড়তে শুরু করেছে।
পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার তাদের কৌশলগত জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড় করার উদ্যোগ নিয়েছে, তবুও বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার নিয়ে অস্বস্তি কাটছে না।
সূত্র: রয়টার্স
























