বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) থেকে Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে এমপিও ভুক্তির আবেদন গ্রহণ করা হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল কিংবা পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। উপরোল্লিখিত Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকে সঙ্গে সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হার্ডকপির মাধ্যমে এ সংক্রান্ত কোনো আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা তার অধীন দপ্তরে দাখিল করা যাবে না।
নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
এ পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।
সরকার এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।
























