কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষিকার একমাত্র সন্তানের লাশ জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সংলগ্ন একটি নির্জন জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তা জানান, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
শিশুটির মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।”
বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও শিক্ষকরা এই নির্মম ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।


























