| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • গুম-খুনের তথ্য চেয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে
  • চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

    গুম-খুনের তথ্য চেয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

    বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) সংঘটিত সব গুম, খুন, অপহরণ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে তথ্য ও অভিযোগ সংগ্রহে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

    চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে যেসব গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার সবকটিরই সুষ্ঠু তদন্ত করা হবে। ভুক্তভোগী নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রকৃত তথ্য সংগ্রহের লক্ষ্যেই দেশের সব রাজনৈতিক দলের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

    তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পাশাপাশি দেশজুড়ে গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার তদন্ত সম্পন্ন করে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

    সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়, বাংলাদেশের সব নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহতদের পরিবারের কাছে আজই চিঠি পাঠানো হচ্ছে।

    তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে, বিশেষ করে নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনের অংশগ্রহণে এসব গণশুনানি অনুষ্ঠিত হবে।

    চিফ প্রসিকিউটর বলেন, গণশুনানিতে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়ে থাকলে সেসব মামলার কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। কোনো মামলা না হয়ে থাকলে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে।

    তিনি বলেন, কোনো ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে।

    আরও পড়ুন