পাকিস্তানের ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশটির বিচার বিভাগের স্বাধীনতা কার্যত খর্ব হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক কমিশন অব জুরিস্টস (আইসিজে)। সংস্থাটির মতে, এর ফলে বিচার বিভাগ রাজনৈতিক ও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
আজ (১৮ নভেম্বর ) বুধবার প্রকাশিত ‘জুডিশিয়াল ক্যাপচার: ইনডিপেনডেন্স অব দ্য জুডিশিয়ারি ইন পাকিস্তান আফটার দ্য ২৬থ অ্যান্ড ২৭থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিক সাংবিধানিক ও আইনগত পরিবর্তনের ফলে পাকিস্তানের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট ও ফেডারেল সাংবিধানিক আদালতের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইসিজের মহাসচিব সান্তিয়াগো ক্যান্টন বলেন, ২৬তম ও ২৭তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিচার বিভাগ নিয়ন্ত্রণে চলে গেলে সরকারকে জবাবদিহির আওতায় রাখার কার্যকর প্রতিষ্ঠান থাকে না। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরাও প্রতিকার পাওয়ার সুযোগ হারান।
প্রতিবেদনে আরও বলা হয়, সংশোধনী দুটির সম্মিলিত প্রভাবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত জাতিসংঘের মৌলিক নীতিমালার মানদণ্ড পূরণ করতে পারছে না।
আইসিজের মতে, পাকিস্তানে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা ও মানবাধিকার সুরক্ষার অবনতির পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতাও ক্ষয় হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের কার্যকর আইনি প্রতিকার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আদালতের ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কাজে লাগিয়ে সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ২৬তম ও ২৭তম সংশোধনীর আন্তর্জাতিক আইন ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী ধারাগুলো সংশোধন অথবা বাতিলের সুপারিশ করেছে আইসিজে।
























