| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

    দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে।

    তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

    শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং শহীদদের কাঙ্ক্ষিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা জাতির প্রধান দায়িত্ব।

    সশস্ত্র বাহিনীর ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

    প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞও দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল।

    সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনতে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।

    তিনি বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক হয়ে উঠছে। তাই সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনায় রয়েছে।

    সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।

    সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন তিনি।

    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, দুর্গম এলাকায় মানুষের পাশে দাঁড়ানো এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

    অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অবদান স্মরণ করেন। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার মায়ের জীবনের শেষ অংশগ্রহণ।

    শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

    সূত্র: বাসস

    আরও পড়ুন