| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
  • ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

    দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রপ্তানিমুখী কারখানাগুলো। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

    রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফলাফল প্রকাশ করে।

    বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির চিত্র উঠে এসেছে।

    জরিপ অনুযায়ী, বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৩১৭টি কারখানাকে এক থেকে ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য হিসাবে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে।

    এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক রপ্তানিকারক। ফলে নিশ্চিত করা ক্রয়াদেশ ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো এবং ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।

    জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। বিজিএমইএ মনে করছে, ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

    প্রকৃত ক্ষতি আরও বাড়ার আশঙ্কা

    বিজিএমইএর ধারণা, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের তুলনায় কম। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে অনেক কারখানার ক্ষতির তথ্য এতে অন্তর্ভুক্ত হয়নি।

    এ ছাড়া জরিপের তথ্য সংগ্রহের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তাই সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

    বিজিএমইএ বলছে, এই সংকটের প্রভাব তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিস্তৃত। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে।

    দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছে বিজিএমইএ।

    আরও পড়ুন