দেশে প্রথমবারের মতো তিন মাস মেয়াদি (ত্রৈমাসিক) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনার আলোকে ৬ মাস মেয়াদি পদ্ধতির পরিবর্তে এই নতুন কাঠামো চালু হচ্ছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের নতুন মুদ্রানীতি প্রকাশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগের ভারসাম্যঅর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ব ও দেশের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে সমন্বয় করে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি স্তব্ধ হয়ে থাকা বেসরকারি বিনিয়োগে গতি ফেরানোই এই নতুন মুদ্রানীতির প্রধান চ্যালেঞ্জ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে। গত ১০ মাসের মধ্যে এটি সর্বনিম্ন হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে চাপ এখনো বিদ্যমান।
অন্যদিকে, ব্যাংকে পর্যাপ্ত তারল্য থাকা সত্ত্বেও ব্যবসায়িক অনিশ্চয়তা ও উচ্চ সুদহারের কারণে জুলাই শেষে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৬২ শতাংশে, যেখানে ডিসেম্বরের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮০ শতাংশ।
বিনিয়োগ ও ঋণপ্রবাহ চাঙ্গা করতে গত ২ আগস্ট নীতি সুদহার (রেপো) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
তবে নতুন এই ত্রৈমাসিক মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনার কৌশল বহাল রেখে বেসরকারি খাতে ঋণের জোগান বাড়াতে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রাখছেন দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।





























