দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনায় জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।
তিনি বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে জামায়াতে ইসলামীও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। সংসদে জামায়াতে ইসলামীর অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে দলটি ভূমিকা রাখবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে দলটির অবস্থান অনড় থাকবে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জনগণ জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের বিষয়ে সংসদে জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে।
তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও সক্ষমতা বাড়াতে হবে। নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
























