যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করে।
শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম রাখা হয়েছে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক)।
উল্লেখ্য, ১১০ তলাবিশিষ্ট এই উইলিস টাওয়ারের কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী এফ আর খান।
এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এই নামকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব এবং জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগ ও সভাপতিত্বে নামফলক উন্মোচন অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।


























