রাজধানীর অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
বিমানবন্দর ও পুলিশ সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। ডিবি কর্মকর্তাদের তথ্যমতে, তাঁর মূল গন্তব্য ছিল মালয়েশিয়া এবং দেশত্যাগ ঠেকাতে আগেই তাঁর পাসপোর্ট ব্লক করে রাখা হয়েছিল।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁও থানাসহ আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ শতাধিক অভিযোগ জমা পড়েছে এবং অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার তথ্য পেয়েছে পুলিশ। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চলছিল।
নব্বইয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী দীর্ঘ সাড়ে ১৯ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
























