| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
    শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় নেই। সেটি সরকারের বিষয়ও নয়।

    শেখ হাসিনা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন বলে সরকার মনে করে। ভারত সাড়া দিলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে।

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সূচনা। এই সম্পর্ক একটি নির্দিষ্ট ইস্যুতে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

    দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো দলটি জ্বালাও-পোড়াও করছে। অন্য দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালনা করায় সরকার হিসেবে বাংলাদেশের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সংবাদপত্রে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। দুই পক্ষই কিছুদিন পর বৈঠকটি আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

    প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।

    প্রতিবেদনে বলা হয়, প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।

    দ্বিতীয় শর্তে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

     

    আরও পড়ুন