ঈদের ছুটিতে পর্যটকের ভীড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে। সরকারি ছুটি আজ শেষ হচ্ছে। অনেক পর্যটক আজ রাতেই ফিরবে নিজেদের নীড়ে।
আর সরকারি ছুটির সঙ্গে আরও ছুটি থাকায় অনেকে ফিরবে দুই-একদিন পর। রমজানের কারণে দীর্ঘদিন পর্যটনকেন্দ্রগুলো ফাঁকা থাকলেও এখন পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো। হোটেল-মোটেল আর রির্সোটগুলোতে বেড়েছে পর্যটকদের ভীড়। ১১টি পাহাড়ি জনগোষ্ঠী আর বাঙালিদের বসবাস এ জেলায়।
অসংখ্য পর্যটন কেন্দ্রে ঘেরা বান্দরবান পার্বত্য জেলা। তাই তো যেকোনো ছুটিতে বান্দরবানে বেড়াতে আসে দেশের নানান প্রান্তের পর্যটকেরা। এবারের ঈদুল ফিতরের সাতদিনের (১৭-২৩ মার্চ) ছুটিতেও জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের এবারের বন্ধে পাহাড়, প্রকৃতি আর নদীর অপরূপ রূপ দেখে বিমোহিত পর্যটকরা।
বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক রোদুয়ান জানান, বান্দরবান খুবই সুন্দর পর্যটন জেলা। দেশের সব জেলার চাইতে এ জেলার বৈচিত্র্য অন্যরকম। পাহাড়, নদী, ঝরণা, মেঘ আর প্রকৃতির যে সংমিশ্রণ তা শুধু বান্দরবান জেলায় পাওয়া যায়।
মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা সপ্না জানান, ঈদের দীর্ঘ ছুটি আমাদের নতুন পরিকল্পনার যোগান দিয়েছে। আর এ বন্ধে বান্দরবানের সাত উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে আমরা ঘুরছি এবং বান্দরবান যে এত সুন্দর, তা নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারতাম না।
এদিকে পর্যটকদের জন্য সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়তি নজরদারি করছে ট্যুরিস্ট পুলিশ। বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বান্দরবানের সব হোটেল-মোটেল ও রিসোর্ট নতুন সাজে সেজেছে, আর বেশিরভাগ পর্যটক এবার বান্দরবান ভ্রমণে এসেছে।
তিনি আরও জানান, পর্যটকরা যাতে আবাসন নিয়ে কোনো সমস্যায় না পড়ে, সেজন্য আমরা প্রতিটি হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকদের সঙ্গে বৈঠক করেছি এবং সব পর্যটকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।
ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ পরিদর্শক মো. ফরিদ উদ্দিন খান জানান, ঈদের এ দীর্ঘ ছুটিকে ঘিরে বান্দরবানে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের সব সদস্য বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, বান্দরবানের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আর পর্যটকরা এ মৌসুমে বান্দরবান ভ্রমণ করে খুবই মজা পাচ্ছে। তারপরও কোনো সমস্যা হলে পর্যটকদের ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

































