| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা
  • সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

    সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জনসভা শুরু হয়েছে। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকার ১১টা ৫০ মিনিটে হোটেল থেকে জনসভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

    তিনি জনসভাস্থলে পৌঁছার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আলিয়া মাদরাসা ময়দান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উপস্থিতি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেটসহ বিভাগের অন্য জেলাগুলো থেকে নগরীতে আসেন নেতাকর্মীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

    সকাল ১০টায় জনসভা শুরু হয় জনসভার কার্যক্রম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

    সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম বলেন, তিন শতাধিক নেতাকর্মী নিয়ে তারা জনসভাস্থলে উপস্থিত হয়েছেন।

    এদিকে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

    এর আগে বুধবার রাত ৮টার দিকে ঢাকা থেকে বিজি ২২৭ প্লেনের ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালালের (রহ) মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান।

    সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুর। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম বিরাহিমপুর গ্রামে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দুই দশক আগে ২০০৪ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

    আজ দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রথম বক্তব্য দেবেন তিনি।

    আরও পড়ুন