ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মধুখালী পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মোক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার আশিকুর রহমান নান্নু মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






















