| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাজ্য সহযোগিতা নিয়ে আলোচনা
  • জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

    আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

    জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

    আজ সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কপ৩১ (COP31) সম্মেলনে হওয়া উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে উভয় পক্ষ কথা বলে। ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করতে কপ৩১ সম্মেলনে ‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস’ (সিআইএফ)–এর নতুন একটি কাঠামোর আওতায় যুক্তরাজ্য প্রাথমিকভাবে ৪০ কোটি পাউন্ড (৪০০ মিলিয়ন জিবিপি) তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে। অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে এই তহবিল থেকে আরও জলবায়ু বিনিয়োগ নিয়ে আসার বিষয়ে কাজ করার কথা জানান হাইকমিশনার।

    এ ছাড়া দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থা, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

    বৈঠকে দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে আইসিজের রায় কার্যকরে আন্তর্জাতিক চাপ জোরদারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

    এ ছাড়া রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখা এবং সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করায় ডাচেস অব এডিনবরা এইচআরএইচ সোফির ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    বৈঠকে সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি), বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয় নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শনের কথা উল্লেখ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে ওই জাদুঘরের সঙ্গে যৌথ সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।

    আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যৌথ সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

    আরও পড়ুন