গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির জেরে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল করেছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়া। মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতের পর প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তার মাধ্যমে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত হওয়ায় সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে ‘‘সঠিক ও যথাযথ সিদ্ধান্ত’’ হিসেবে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ধারাবাহিক কয়েকটি বৈঠকের পর পরিচালকরা হুয়াংয়ের স্পষ্টবাদিতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় সন্তুষ্ট হওয়ায় পরিচালনা পর্ষদ সর্বসম্মত ভোটে হুয়াংকে অবিলম্বে কার্যকরভাবে প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী এবং পর্ষদ সদস্য হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
এনভিডিয়া মার্কিন কোন সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছে কিংবা তারা পর্ষদকে কী বলেছেন, সেসব বিষয়ে কোনো তথ্য জানায়নি।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে এনভিডিয়াকে হুয়াংকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানোর তিন দিন পর এই সিদ্ধান্ত এল। ট্রাম্প তাকে বিশ্বের অন্যতম সত্যিকারের মেধাবী মস্তিষ্কের অধিকারী ব্যক্তি হিসেবে অভিহিত করে বলেছিলেন, জেনসেনকে দ্বিতীয় সুযোগ দেওয়া হলে তা দেখাটা অনেক চমৎকার হবে।
ট্রাম্প হুয়াংকে ‘‘একজন ভালো মানুষ’’ হিসেবে অভিহিত করলেও বলেছেন, তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিষ্ঠানটি বুদ্ধিমান হলে তাকে পুনরায় নিয়োগ দেওয়া উচিত।
তবে এনভিডিয়ায় ফিরে আসার প্রস্তাব দিয়েছিলেন হুয়াং। কিন্তু পরিচালনা পর্ষদ শুরুতে তা প্রত্যাখ্যান করেছিল।
পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স গত সপ্তাহে এক আর্থিক প্রতিবেদন-সংক্রান্ত আলোচনায় বলেছিলেন, পরিচালকরা সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং জেনসেনকে সিইও হিসেবে পুনর্বহাল করার কোনো ইচ্ছা তাদের নেই।
পর্ষদ, কর্মী, শেয়ারহোল্ডার এবং নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়ে হুয়াং বলেন, আমি অত্যন্ত বিনয় এবং নতুন অঙ্গীকারের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। আমি কাজে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।
সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠান কয়েকশ কোটি ডলারের এনভিডিয়া চিপ কিনেছিল। মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল; এমন প্রতিবেদন পর গত ১২ নভেম্বর ৬৩ বছর বয়সী হুয়াং পদত্যাগ করেন।
মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যালিস বেইজিংয়ের কাছে তথ্য পাচার করেছিলেন। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার পর্ষদ চেয়ারম্যান হার্ভে জোন্স বলেন, পরিচালকরা এখন বিশ্বাস করেন হুয়াং এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি এবং তার প্রত্যাবর্তন শেয়ারহোল্ডার, কর্মচারী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে।
সিনোপসিসের সাবেক প্রধান নির্বাহী জোন্স; যিনি এই সংকটের সময় এনভিডিয়ার ইতিহাসে প্রথম পর্ষদ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তিনি এই পদেই বহাল থাকবেন। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করা প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস সিএফও হিসেবেই তার কাজ চালিয়ে যাবেন।
এনভিডিয়া বলেছে, হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না তা তদন্ত করতে চলতি মাসের শুরুতে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে গঠিত কমিটি তাদের তদন্ত শেষ পর্যন্ত চালিয়ে যাবে। হুয়াং এই তদন্তে সমর্থন এবং এতে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
সূত্র: এএফপি।
























