মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। পরীমনির পক্ষে শুনানি করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় পরীমনি ন্যায়বিচার পাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট বাহিনীটির পক্ষ থেকে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না থাকার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি অপর দুই আসামির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ ও নিজের গাড়িতে তা পরিবহনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত মামলাটির অভিযোগ গঠন বিষয়ে পুনরায় শুনানির নির্দেশ দেন।
























