ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পরিবর্তনের কারণে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের সুযোগ দিতেই আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।
























