রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পড়ছেন।
এর আগে সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। ঘটনার পর আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পরে স্বপ্না খাতুনকে পুলিশ হেফাজতে নেয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তদন্ত শেষে ২৫ মে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত দুই আসামি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জেল আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের ওপরই এখন রায় দিচ্ছেন উচ্চ আদালত।























