দেশে চলমান নাশকতা ও সহিংসতা মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি।
নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই সর্বদলীয় সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকের পর সংসদে দেওয়া ভাষণে উভয় নেতাই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দল ও ঐকমত্য কমিশনের শীর্ষ নেতাদের নিয়ে সংলাপের গ্রাউন্ডওয়ার্ক তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন। অন্যদিকে, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) লন্ডন সফর শেষে দেশে ফিরছেন। শীর্ষ নেতাদের দেশে ফেরার পরপরই ২৭ বা ২৮ নভেম্বর সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
এদিকে, সংলাপের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিলেও বিরোধী দলগুলোর পক্ষ থেকে কিছু শর্তের কথা বলা হয়েছে। জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় ঐক্যের মূল ভিত্তি হতে হবে ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
সংলাপের আগে নিজেদের করণীয় ঠিক করতে বিরোধী জোটের দলগুলো অভ্যন্তরীণ বৈঠক করছে বলে জানা গেছে।
সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়াও সরকারি দলের মিত্র, বামপন্থি দল এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে বলে বিএনপি সূত্রে নিশ্চিত করা হয়েছে। তবে সংলাপের সুনির্দিষ্ট এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি।























