জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে, সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত) ৪৪৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত) পেয়েছেন ৩৭৭৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৬৫৫।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টা নাগাদ জকসু নির্বাচনের ফলাফল কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে থাকা রিয়াজুল ইসলাম ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী।
নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪৪৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ১৭৮১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৩৯৫৭ভোট।
একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩১৮৫ ভোট।
নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।
তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন।
এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো- ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে লড়ছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন আর এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে লড়ছেন ৮ জন।































