| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো
  • বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

    বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম কাপড় উৎপাদনের কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। স্থানীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে এ কারখানা স্থাপন করা হবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত কারখানায় ডেনিম কাপড় উৎপাদনের পাশাপাশি সমন্বিত সুতা উৎপাদন (ইন্টিগ্রেটেড স্পিনিং) ইউনিট থাকবে। রপ্তানিমুখী এ কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এ বিনিয়োগের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সানকো হোল্ডিং। প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় স্থানীয় অংশীদার ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সানকো প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। ডিবিএল গ্রুপের পক্ষে ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী ও গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার উপস্থিত ছিলেন।

    ইনভেস্ট বাংলাদেশ জানায়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং সংস্থাটির ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। নিয়মিত যোগাযোগ, ফলোআপ ও বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে প্রকল্পটি এগিয়ে নিতে ভূমিকা রেখেছে সংস্থাটি।

    ১৯০৪ সালে বস্ত্র ব্যবসার মধ্য দিয়ে যাত্রা শুরু করা সানকো হোল্ডিং বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে।

    ইনভেস্ট বাংলাদেশের আশা, এ বিনিয়োগের ফলে দেশের বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) আরও শক্তিশালী হবে। পাশাপাশি স্থানীয়ভাবে ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা বাড়বে, আমদানিনির্ভরতা কমবে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

    আরও পড়ুন