থাইল্যান্ডে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ আছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তিনি ভারতে যাতায়াত করতেন।
পাশাপাশি সম্প্রতি তিনি দলীয় কর্মী-সমর্থকদের গোপনে সংগঠিত করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছিলেন।























