দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা, টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার কারিগরি দিকগুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
পরীক্ষামূলক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ এখনই নিশ্চিত করা সম্ভব নয়। কেন্দ্রটির সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরবরাহ পরিস্থিতি নজরদারি করবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। টানা ৮ ঘণ্টার বেশি সময় সরবরাহের পর পরবর্তী কারিগরি মূল্যায়নের জন্য তা সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি। সব কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়া এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী বছরের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।






























