৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।
এর আগে ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভর্তি পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।
আদালতে রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে এবং সরকার তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, যার ফল প্রকাশ হবে ২৩ ডিসেম্বর।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে এবং ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা হয়ে যাবে। এতে ওই শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে আরও এক বছর অপেক্ষা করতে হবে এবং হতাশায় ভুগবে।
তিনি আরও বলেছিলেন, আদালত ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিলেও ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রেখেছিলেন।
পরবর্তীতে সরকার পক্ষ হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ তা স্থগিত করেন।
























