| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বঙ্গোপসাগরে নজরদারিতে বাড়ছে বাংলাদেশ-ইতালি সমন্বয়
  • বঙ্গোপসাগরে নজরদারিতে বাড়ছে বাংলাদেশ-ইতালি সমন্বয়

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

    বঙ্গোপসাগরের কৌশলগত নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করছে বাংলাদেশ।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সের্জিও লিয়ার্দোর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সমুদ্রসীমা সুরক্ষা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

    রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

    বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর), ভিজিট, বোর্ড সার্চ অ্যান্ড সাইজুর (ভিবিএসএস), ড্রোন অপারেশন (ইউএভি) এবং ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) ডাটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে জি-টু-জি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ও আলোচনায় স্থান পায়, যেখানে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার বিনিময় কর্মসূচির মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বাড়াতে উভয় পক্ষ একমত হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন ও মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। তিনি ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের বিষয়টিও স্মরণ করেন।

    জবাবে ভাইস অ্যাডমিরাল সের্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

    বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন