বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রজ্ঞাপন দুটিতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ চাকমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) এর মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
























