| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • ৩ ঘণ্টার গণনায় পাগলা মসজিদের দানবাক্সে ১০ কোটি টাকা
  • ৩ ঘণ্টার গণনায় পাগলা মসজিদের দানবাক্সে ১০ কোটি টাকা

    Icon
    জেলা প্রতিবেদক, কিশোরগঞ্জ
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

    কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে মাত্র তিন ঘণ্টার গণনায় ১০ কোটি টাকা পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই অর্থ গণনার কাজ সম্পন্ন হয়।

    শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম (জোনাল ম্যানেজার) জানান, সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়।

    পরে টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তালার মেঝেতে এনে সকাল ৯টায় গণনার শুরু করা হয়। সেই হিসেবে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে।

    মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পর মসজিদের লোহার দানবাক্সগুলো খোলা হলে বিপুল পরিমাণ দেশি নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বড় দল টানা তিন ঘণ্টা গণনা শেষে ১০ কোটি টাকার এই হিসাব নিশ্চিত করে।

    শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দান সিন্দুক ও অতিরিক্ত পাঁচটি টিনের দানবাক্সসহ মোট ১৫টি সিন্ধুক খুলে এই ৫১ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় এনে গণনার কাজ শুরু হয়।

    দানবাক্স খোলার সময় সকালে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ প্রমুখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক এসআরবি, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

    গণনা শেষে প্রাপ্ত সমুদয় অর্থ কড়া পুলিশি পাহারায় শহরের একটি নির্ধারিত ব্যাংকে মসজিদের নিজস্ব অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, জমাকৃত এই অর্থ মসজিদের উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।

    আরও পড়ুন