রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে (স্বপ্না আক্তার) এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে এবং তাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। তাই প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি বহাল রাখা হলো। অন্যদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান খান।
মামলার প্রেক্ষাপট:রাজধানীর মিরপুরের পল্লবীতে স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন সোহেল রানা।
ঘটনা ধামাচাপা দিতে তিনি মরদেহ টুকরো করার চেষ্টা করেন এবং খণ্ডিত মাথা বাথরুমের বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা এ মামলার বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন।
রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। পরে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিরা জেল আপিল করেন।































