আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের মানুষের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সড়ক সম্প্রসারণের মাধ্যমে মানুষের চলাচল সহজ হবে, যানজট কমবে এবং এলাকার সামগ্রিক পরিবেশ উন্নত হবে।
তিনি বলেন, বিএনপি এমন একটি ঢাকা গড়তে চায়, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, মা-বোনেরা নির্ভয়ে যে কোনো সময় চলাচল করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত হবে।
নিজেকে ঢাকা–১৭ আসনের সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এই এলাকাতেই তার শৈশব কেটেছে, পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি এলাকার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বিএনপি সরকার রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ও নাগরিক সেবার মান নিশ্চিত করবে।
এ ছাড়া ঢাকা শহরকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে সরকার গঠন করলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এসব মাঠ শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করবে এবং বয়স্ক নারী-পুরুষদের হাঁটাচলার জন্য উন্মুক্ত পরিসর নিশ্চিত করবে।
শেষে এলাকাবাসীসহ দেশজুড়ে বন্ধু, আত্মীয় ও পরিচিতদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলে তিনি ঢাকা-১৭ আসনের মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করতে চান।
































