বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান)-এর জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর)। একাধারে একজন মেধাবী আইনজীবী ও আন্তর্জাতিক অঙ্গনের ব্যক্তিত্ব হিসেবে তিনি তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম।
১৯৯৫ সালের এই দিনে (২৫ অক্টোবর) ঢাকার ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। জাইমা রহমানের বেড়ে ওঠা এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে। তার দাদা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান ও মন্ত্রী।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের বাইরে থেকে নিজের মেধা ও যোগ্যতার বলে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক (এলএলবি) সম্পন্ন করার পর, ২০১৯ সালে লন্ডনের ঐতিহাসিক ‘ইনার টেম্পল’ থেকে ‘বার-অ্যাট-ল’ (ব্যারিস্টার) ডিগ্রি অর্জন করেন তিনি।
পরবর্তীতে দেশীয় আইনি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পেশাগত কর্মজীবন শুরু করেন। আইনি দক্ষতার পাশাপাশি তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পেশাগত সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার গভীর অনুরাগ। সমাজের সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক জননীতি ও বিচারপ্রার্থী মানুষের অধিকার নিয়ে কাজ করার প্রতি তার রয়েছে বিশেষ আগ্রহ।
জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের সাধারণ মানুষ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। জীবনের নতুন এই বছরে পদার্পণে তার সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।




























