| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • হাদিকে প্রজন্মের সাহসী বললেন তারেক রহমান
  • হাদিকে প্রজন্মের সাহসী বললেন তারেক রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

    শরিফ ‍ওসমান হাদিকে চব্বিশের জুলাই আন্দোলনের ‘সাহসী সদস্য’ ও ‘প্রজন্মের সাহসী’ বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি বলেন, কয়েকদিন আগে এ বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী সদস্য; প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন।

    ওসমান হাদিকে স্মরণ করে তার প্রত্যাশার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিল এ দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক; এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক; মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিটে লোকে-লোকারণ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

    তারেক রহমান আরও বলেন, আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন; ওসমান হাদিসহ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন; বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে গুম-খুনের শিকার হয়েছেন—এ মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমরা সবাই মিলে কাজ করবো; যেখানে আমরা সবাই মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলবো।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, তোমরাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবে, দেশকে গড়ে তুলবে। এ দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরই আজ গ্রহণ করতে হবে, যাতে করে দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি; শক্ত ভিত্তির ওপর, গণতান্ত্রিক ভিত্তির ওপর, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর যাতে এ দেশকে আমরা গড়ে তুলতে পারি।

    উসকানির মুখে ধীর-শান্ত থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেসব জাতীয় নেতারা এ মঞ্চে আছেন; যারা মঞ্চের বাইরে আছেন; আমরা সকলে মিলে এ দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদের এ দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই; আমরা দেশে শান্তি চাই; আমরা দেশে শান্তি চাই।

    আরও পড়ুন