| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাকা কলেজকে আবারও শিক্ষার মানে শীর্ষে নিতে হবে: মির্জা ফখরুল
  • ঢাকা কলেজকে আবারও শিক্ষার মানে শীর্ষে নিতে হবে: মির্জা ফখরুল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

    শিক্ষার মানের দিক থেকে ঢাকা কলেজকে আবারও শীর্ষ অবস্থানে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।

    ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

    নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তার ঢাকা কলেজে অধ্যয়নের সময়কাল ছিল ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল। তখন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন অত্যন্ত কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।

    শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। কলেজটিকে আবারও শিক্ষার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে নিতে হবে।

    দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।

    আরও পড়ুন