| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • শাপলা চত্বরের ঘটনায় হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
  • মানবতাবিরোধী অপরাধ

    শাপলা চত্বরের ঘটনায় হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

    ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

    আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনাহু শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই আবেদন জানান। এরপর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

    মামলাটির শুনানিতে কারাগারে থাকা ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

    অন্যদিকে, মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদসহ ৩০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

    প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, এই মামলায় প্রধান দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং পরবর্তী দিন ৬ মে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ২০ জনসহ ব্যাপক হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার সুনিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিচার শুরুর আরজি জানানো হয়।

    আরও পড়ুন