নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভয়াবহ ভূমিধসে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে দুর্গম পার্বত্য ও দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং ভ্রমণ পরিকল্পনা পুনর্মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, অতিবৃষ্টি ও তুষারপাতের কারণে দেশটির প্রধান প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম ভূপ্রকৃতির কারণে এসব স্থানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।
পরিস্থিতি বিবেচনায় নেপাল কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাং অঞ্চলের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং সহ বেশ কয়েকটি জনপ্রিয় রুটে ট্রেকিং স্থগিত ঘোষণা করেছে।
এছাড়া পোখারা, মুস্তাং, জমসন ও মানাসলু অঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণের আগে পর্যটকদের স্থানীয় প্রশাসন ও ট্রাভেল অপারেটরদের কাছ থেকে সর্বশেষ সড়ক ও আবহাওয়ার তথ্য সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
ইতোমধ্যে যেসব বাংলাদেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন, তাদের নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। যেকোনো প্রয়োজনে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় ট্রাভেল অপারেটরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
embassy পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং নতুন পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আরও দিকনির্দেশনা দেবে বলে জানানো হয়।


























