| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • হাসিনাকে দেশে ফেরার পরিকল্পনায় জড়িত এসপি গ্রেপ্তার
  • হাসিনাকে দেশে ফেরার পরিকল্পনায় জড়িত এসপি গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    অভিযোগ রয়েছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। পাশাপাশি দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, “শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।”

    এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।”

    এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রাথমিক তথ্যের ভিত্তিতে ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী নিজ কার্যালয়ে ডেকে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়ালেও তখন বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছিল পুলিশ।

    উল্লেখ্য, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

    আরও পড়ুন