চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় মাসে এসে যুক্তরাজ্যের বাজারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। জুলাই মাসে রপ্তানিতে সামান্য মন্দা দেখা দিলেও আগস্টে তা কাটিয়ে উঠে ১০ দশমিক ৫৩ শতাংশের শক্ত প্রবৃদ্ধি অর্জন করেছে এই খাত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাজ্যে মোট ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন (৯১ কোটি ৫৬ লাখ) মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সে হিসাবে দুই মাসের ব্যবধানে আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার বা ৩ দশমিক ৭৪ শতাংশ।
উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত জুলাই মাসে যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ হ্রাস পেয়েছিল। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৫ কোটি ৮ লাখ ডলার। তবে পরের মাস আগস্টেই চিত্র পাল্টে যায়।
এককভাবে আগস্ট মাসে যুক্তরাজ্যে ৪৬ কোটি ৪৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা ২০২৫ সালের আগস্টের (৪২ কোটি ৫ লাখ ডলার) তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি।
অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাকের মাসিক গড় রপ্তানি দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭৮ লাখ ডলারে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে যেখানে মোট আয় ছিল ৪৩৯ কোটি ৮৫ লাখ ডলার এবং মাসিক গড় ছিল ৩৬ কোটি ৫৭ লাখ ডলার।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বিশ্বস্ত বাজার। অর্থবছরের শুরুতেই এই বাজারে রপ্তানির গতি চাঙ্গা হওয়া সার্বিক তৈরি পোশাক ও রপ্তানি আয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে।
























